মির্জাপুরে ফাঁকা গুলি করে গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চার গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কে এই ঘটনা ঘটে। গরু ব্যাবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।
জানা যায় , মির্জাপুরের কাইতলা নামকরা গরুর হাঁটে শনিবার এই ৪ ব্যবসায়ীরা ২৮টি গরু ও মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে নয়াপাড়া এলাকায় পৌছাইলে ৮-১০টি মোটরসাইকেল ও একটি হাইচ ব্যবসায়ীদের প্রাইভেটকার গতিরোধ করে এবং এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়তে থাকে।
একপর্যায়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে ৭৮ লাখ টাকা ছিনতাই করে খাঁটিয়ার হাট সড়ক দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) রেজওয়ান মাহবুব স্যার সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে বলে তিনি জানান।








