পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বাপার সহ-সভাপতি কাজী মকছেদ, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, পরিবেশ বন্ধুর পরিচালক তানবিরুল বারী নয়ন প্রমুখ।
এর আগে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পরিবেশকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেয়—বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগর, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশনসহ আরও অনেক পরিবেশবাদী সংগঠন।








