ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেশের সুনাম অর্জন করতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে-ইউএনও মাসুদ রানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 3, 2025 - 5:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

আরিফ রববানী ময়মনসিংহ:জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেছেন-একটি দেশের উন্নয়ন কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি, প্রতিটি নাগরিক, বেসরকারি সংস্থা, এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে হলে কৃষক শ্রমিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। দেশের সুনাম অর্জন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও। এসময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ২৫০ জন সুবিধাভোগীর হাতে খাদ্যসামগ্রীর প্যাকেজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা আরও বলেন, “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে বেসরকারি সংস্থাগুলোর এমন মানবিক সহযোগিতা আরও শক্তিশালী করে তুলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, পিআরও মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার সৈকত মিয়া এবং আইটি ম্যানেজার সম্রাট বাবর।

খাদ্য সহায়তা পেয়ে বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেছেন সংশ্লিষ্টরা।