পরিবেশ ঠিক রাখতে সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে
আরিফ রববানী ময়মনসিংহ: ময়মনসিংহকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
৬ জুলাই ২০২৫ রবিবার এই কর্মসূচির উদ্বোধন করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগরী আমীর,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি বলেন, কার্বন নিঃসরণে উন্নত বিশ্বকে আরো সচেতন হতে হবে, পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিশ্বের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে দ্বিচারিতা পরিহার করতে হবে। পতিত জমি, স্কুল, কলেজ মাঠ ও ছাদে বৃক্ষরোপণ করতে মহানগরী ও সদরের সকল নাগরিক সহ যুব বিভাগের জনশক্তিদেরকে আহবান জানান।
মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: আজিজুর রহমান, মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজের প্রিন্সিপাল আবু দাউদ, ঘাগড়া থানা আমীর মাওলানা মনিরুজ্জামান, আকুয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা একেএম ফরহাদ হোসাইন,সেক্রেটারি মাহফুুজ, মহানগর শ্রমিক কল্যাণের সেক্রেটারি আল আমিন, আকুয়া থানার শিবির নেতৃবৃন্দসহ যুব বিভাগের বিভিন্ন থানার নেতা ও কর্মীবৃন্দ।








