ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোপন সভায় রাষ্ট্রবিরোধী তৎপরতা: মামলা ৪৭ নেতার বিরুদ্ধে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 26, 2025 - 11:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৬ জুন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, সরকার ১২ মে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ২৬ জুন সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজরা বাজার সংলগ্ন একটি বাড়িতে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

ওই বাড়িটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তার মালিকানাধীন বলে মামলায় উল্লেখ করা হয়। সেখানে তার স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মৌসুমীর নেতৃত্বে প্রায় ১১০–১২০ জন নেতাকর্মী সমবেত হন।

এজাহারে আরও বলা হয়, আয়োজনে কেক কাটা, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান, খাবার ও নগদ অর্থ বিতরণসহ উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। ওই অনুষ্ঠান ভিডিও ধারণ করে ‘আওয়ামী লীগ নিউজ বিডি’ নামের একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, যা জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সরকার উৎখাত, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যকলাপের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—
সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মৌসুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সাবেক পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী আল তারেক, পৌর যুবলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পৌর ছাত্রলীগ সভাপতি সুজাউদ দৌলা সুজা এবং সদর উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ লায়ন।

এছাড়া মামলায় আরও ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।