আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়িতে দুটি সংগঠনের পৃথক র্যালি ও সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি: বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দুটি সংগঠন পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে রঙিন শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
প্রথম কর্মসূচি হিসেবে সকাল ৯টার দিকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-এর যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ বিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা। বক্তব্য রাখেন— চট্টগ্রামের জাপান নিপন একাডেমির পরিচালক মোঃ নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা ও উক্যনু মার্মা প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আদিবাসী উদযাপন কমিটি-এর আয়োজনে সূর্যশিখা ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুরের জেবিসি কমিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক সাথোঅং মার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সুধাকর ত্রিপুরা। বক্তারা আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার আহ্বান জানান।
তথ্য মতে জানা যায়, বাংলাদেশে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ম্রো, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, গারো, রাখাইন, খাসি, মণিপুরী, হাজং, বানাই, কোচ, ডালু, সাঁওতাল, পাহাড়ি, মুন্ডা, মাহাতো/কুর্মি, কড়া, খারিয়া, কন্দ, গড়াইত গুর্খা, খেড়োয়ার, লোহার, রাজোয়ার, মুসহর, তুরি, বেদিয়া, বাগদী, কোল, ভুঁইমালী পাত্র, হো, শবর, মাহালী, মালো, ওঁরাও, বর্মন, গন্জ্ঞু বড়াইক, তেলী, হদি, ভূমিজ এবং ভীল আসাম সম্প্রদায়ের বসবাস।








