ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অপপ্রচারের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করছে ইউপিডিএফ: প্রশাসনের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা ও মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়া এলাকায় গত ৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর অভিযানের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের মিথ্যা প্রচার ও রাজনৈতিক বিভ্রান্তির অভিযোগ উঠেছে।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সদস্যরা সিভিল পোশাকে এলাকায় অভিযান চালায়। এসময় ইউপিডিএফ তাদের প্ররোচনায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সেনাবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনী বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোঁড়ে। পরে জোন কমান্ডার ও গুইমারা থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে জানান অভিযানে অংশ নেওয়া ৬ জনই সেনা সদস্য।

ঘটনার পর থেকে ইউপিডিএফ জেলা জুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধসহ একের পর এক কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।

১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল শামস আজিজি। সভায় মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী এবং মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মতবিনিময় সভায় উপজাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় এক মারমা প্রতিনিধি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “আমরা উভয় সংকটে পড়ি। ইউপিডিএফের মিথ্যা প্রচারের বিরুদ্ধে কিছু বললে সমস্যা, আবার সেনাবাহিনীর পক্ষ নিলেও ঝামেলায় পড়তে হয়। আসলে সেদিন সেনারা সিভিলে আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।”