ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

“জামাল আর জামায়াতের কেউ নন”— সংবাদ সম্মেলনে জেলা জামায়াত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 23, 2025 - 12:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্ত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল উদ্দীন (৩৬) জামায়াতে ইসলামীর কর্মী নন বলে দাবি করেছে দলটির জেলা শাখা। সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। তিনি জানান, তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনকে গত ২০ সেপ্টেম্বর স্ত্রীকে ধর্ষণের মামলায় পুলিশ গ্রেপ্তার করে। এক বছরের বেশি সময় আগে মৌলভীর মাধ্যমে জামালের বিয়ে হয় এবং চলতি বছরের ১৪ জুন আদালতের অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। তবে এক বছর ধরে স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ায় জামালের স্ত্রীর নারী ধর্ষণ মামলা দায়ের করেন।

জেলা সেক্রেটারি অভিযোগ করেন, জামালের গ্রেপ্তারের পর কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম তাকে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তিনি বলেন, “জামাল ২০২৪ সালের ৩ নভেম্বর জামায়াতে যোগ দিলেও ২০২৫ সালের ২২ জুন চারিত্রিক নানা সমস্যার কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার ভিত্তিতে সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতির পরিপন্থী। আমরা সাংবাদিক ভাইদের অনুরোধ করব মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রচার করতে।”

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, প্রচার বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিনসহ দলীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অংশ নেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতারা স্পষ্ট করেন, জামাল উদ্দীনের ব্যক্তিগত অপরাধ বা মামলা কোনোভাবেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নয়।।