৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খানসামায় আটক ১
মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর প্রতিনিধি: ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিনাজপুরের
খানসামা উপজেলার পাকেরহাট এলাকার চার সন্তানের জনক আক্তারুল (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।
অভিযুক্ত আক্তারুল ইসলাম উপজেলার পাকেরহাট গুন্দুশাহ পাড়া এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। সে পেশায় ভ্যানচালক।
এঘটনায় ভুক্তভোগী শিশুর দাদা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়,
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকায় শিশুটির পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় প্রতিবেশী আক্তারুল শিশুটিকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে স্পর্শকাতর স্থানে আঘাত করে। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন থানায় অবগত করলে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “সংবেদনশীল এই ঘটনায় খবর পাওয়ার পরপরই ভুক্তভোগী ও তাঁর পরিবারের বক্তব্য নেওয়া হয়। ঘটনার সত্যতা পাওয়ায় প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত আক্তারুল ইসলামকে আটক করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সে এপর্যন্ত ৩ টি বিয়ে করেছেন । তার কঠিনতম শাস্তির দাবি জানিয়ে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।








