ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

“দায়িত্বে আপসে যাব না, দুর্নীতিতে জিরো টলারেন্স”— সাংবাদিকদের উদ্দেশ্যে ডিসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 19, 2025 - 11:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ“ভোটরক্ষা মানে দেশরক্ষা। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করাই আমার প্রধান লক্ষ্য”— দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন,
“নির্বাচন একটি চ্যালেঞ্জিং ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটরক্ষা করা আমার ওপর অর্পিত পবিত্র আমানত। আমি জীবনে কখনো কারো আমানদারিতা নষ্ট করিনি। এক টাকাও হারাম খাইনি, কারো কাছ থেকে ধার নেইনি, আরাম-আয়েশী জীবন যাপন করি না। নিজের শিক্ষা পাঠ নিজেই চালিয়েছি। সরকারি চাকরিতে এসেও বদলি বা পোস্টিংয়ের জন্য কখনো তদবির করিনি। যেখানে দায়িত্ব পেয়েছি সেখানেই গিয়ে মানুষের মন জয় করে কাজ করেছি।” তিনি বলেন,
“পঞ্চগড়ে আসার পর যেভাবে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন, তা অভূতপূর্ব। এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। প্রত্যাশার চাপ বেড়েছে, কিন্তু কাজ দিয়ে সেই চাপ কমানোর চেষ্টা করব।”

দীর্ঘদিন প্রশিক্ষক হিসেবে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি সবসময় ঝামেলামুক্ত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের পক্ষে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে সরকারি সেবাকে সহজ করার বার্তা পৌঁছে দিয়েছি। এবার পঞ্চগড়েও তা বাস্তবায়নের সময়।”

দুর্নীতির বিষয়ে কড়া অবস্থান তুলে ধরে তিনি স্পষ্ট বলেন—
“আমি চাকরির শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি। নিজে দুর্নীতি করি না, অন্য কাউকেও করতে দিই না। পঞ্চগড়ে শুধু একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়ে এসেছি। সেইভাবেই আবার ফিরে যাব।”

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন,
“আপনারা আমার অফিসে যেকোনো সময় স্বাগতম। দেখা করতে পারেন, সেবা নিতে পারেন। তবে বিনীত অনুরোধ— কেউ ফুল, তোড়া বা কোনো উপহার নিয়ে আসবেন না। গিফট আমি পছন্দ করি না, ব্যবহারও করি না। দোয়াই আমার জন্য যথেষ্ট।”

শেষে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া আমার শক্তি। সমন্বিত প্রচেষ্টায় পঞ্চগড়কে আরও ভালোভাবে সেবা দিতে চাই।”

নবাগত জেলা প্রশাসকের বক্তব্যে উঠে এসেছে দায়িত্ববোধ, সততা, পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি দৃঢ় অঙ্গীকার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি যে শুদ্ধতা ও স্বচ্ছতার বার্তা দিয়েছেন, তা পঞ্চগড়ের প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নতুন আস্থার সেতুবন্ধন তৈরি করবে।