ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাইনবোর্ড আছে, তদারকি নেই-হাসপাতালের সামনে ময়লার ভাগাড়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 24, 2025 - 10:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
কমলগঞ্জের মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারি জায়গায় টানানো রয়েছে ‘ময়লা-আবর্জনা ফেলা নিষেধ’ লেখা সাইনবোর্ড। কিন্তু সাইনবোর্ডের পাশেই বড় বড় ময়লার স্তুপ যেন প্রশাসনের নির্দেশ কাগজেই সীমাবদ্ধ। তদারকির অভাবে সড়কের ধারে এই জায়গাটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খালি জায়গা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাজারের ময়লা-আবর্জনা। সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা
“সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ। আদেশক্রমে: কর্তৃপক্ষ।”
কিন্তু বাস্তবে সেখানে প্রতিদিনই বাজার পরিষ্কারের বর্জ্য ফেলা হচ্ছে। বৃষ্টির সময় এসব ময়লা সড়কের ওপর ছড়িয়ে পড়ে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ময়লার দুর্গন্ধে কেউ দাঁড়াতেও পারে না, হাসপাতালে রোগীদের আসাও কঠিন হয়ে পড়েছে।
রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারী রহিম মিয়া বলেন, ‘হাসপাতালের সামনে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই মানা যায় না। একটু বৃষ্টি হলে ময়লা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে মশা-মাছি বাড়ছে, রোগবালাইয়ের আশঙ্কাও রয়েছে।’
স্থানীয় শিক্ষার্থী মাহমুদ মিয়া বলেন, ‘একসময় এলাকায় অসুস্থ হলে সবাই এখানে হাসপাতালে আসতো। কিন্তু এখন হাসপাতালেই অসুস্থ পরিবেশ। ময়লার দুর্গন্ধে মানুষ এদিকে আসতেই ভয় পায়।’
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক আজীজ আহমদ বলেন, ‘দুর্গন্ধে ক্লাস নেওয়া বা শিশুদের নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে। বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।’
মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিমেল চৌধুরী দাবি করেন, ‘ময়লা রাখার নির্ধারিত স্থান না থাকায় এখানে ফেলতে হয়। সরকারি জায়গা বলেই সবাই ব্যবহার করছে।’
এই বিষয়ে মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার বলেন, ‘ময়লার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি। ইউএনও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া জানান, ‘ময়লা অপসারণের জন্য বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে। তবুও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আবারও আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,
‘যে স্থানে আবর্জনা ফেলা হচ্ছে, সেটি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা। দ্রুত সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার ভাগাড় শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্য ঝুঁকিরও বড় হুমকি হয়ে উঠেছে যার দ্রুত সমাধান জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।