ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে আলোচিত হত্যা মামলার দ্বিতীয় আসামী হবু মিয়া আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 28, 2025 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1102 বার
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত ৩ সন্তানের জননী  গোলাপী বেগম নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের সন্দেহভাজন হবু মিয়াকে (২৯) আটক করেছে র‌্যাব-১৪।
এই হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী গোলাপীর স্বামীকে গ্রেপ্তারের পরপরই আত্মগোপনে চলে যান গোলাপীর পরিবারের ঘনিষ্ঠ হবু মিয়া। তখনই সন্দেহের তীর তার দিকে পরে এবং তদন্তের কাজ আরো একধাপ এগিয়ে যায়।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সানাউল্লাহ। শনিবার রাতে র‌্যাব ১৪ এর একটি টিম তাকে জেলার নাগরপুর থানাধীন তনুরা রাথুরা বাজার এলাকা থেকে আটক করে।
গ্রেপ্তার হবু মিয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি রোডে পরিবার নিয়ে ফজলু মিয়ার ভাড়া বাসায় থাকতেন এবং টমটম চালাতেন। নিহত গোলাপীদের পরিবার থেকে সুদে টাকা নেওয়ার সুবাদে তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ও নিয়মিত যাতায়াত ছিল হবু মিয়ার।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. সানাউল্লাহ গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুনানি হলে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। আশা করছি এর মধ্যদিয়ে এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গোলাপী বেগম (৪০)। এর ৩ দিন পর গত ২৬ অক্টোবর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত বারই খালে বিবস্ত্র অবস্থায় ভেসে উঠে তার লাশ।
এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন গোলাপী বেগমের বাবা বিষু মিয়া। ওই মামলায় গত ১লা নভেম্বর গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।