বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় রাজাপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শ্রী শ্রী সর্বজনীন রাজাপুর থানা কালী মন্দিরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন ফ্রন্ট রাজাপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।প্রার্থনা পরিচালনা করেন বাবু রতন দেবনাথ।
প্রার্থনা সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের সদস্যবৃন্দ, মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মঙ্গল প্রার্থনা করা হয়।
আয়োজকরা বলেন, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ধরনের কর্মসূচি সম্প্রীতির বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








