ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানার অপসারণে উত্তেজনা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 24, 2026 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে বিএনপি মনোনীত পঞ্চগড়–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যানার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অপসারণ করা হয়। বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ডিসি অফিসে গিয়ে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করেন, আচরণবিধির অজুহাতে শুধু বিএনপির ব্যানারই অপসারণ করা হচ্ছে। এতে নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপনের দাবি জানান এবং পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নেতারা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়ে জেলা প্রশাসকের কাছে আগেই লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার পূর্ব নোটিশ ছাড়াই সরিয়ে ফেলা হয়েছে বলে তারা দাবি করেন।

এ সময় পরিস্থিতি শান্ত রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

ব্যানার অপসারণকে ঘিরে এ ঘটনার পর পঞ্চগড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষতা ও সমতাপূর্ণ আচরণ নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।