ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কক্সবাজার উপকূল থেকে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার করল নৌবাহিনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 30, 2026 - 5:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার : কক্সবাজার উপকূলের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগর থেকে ২০ জন জেলেসহ একটি ভাসমান মাছ ধরার বোট উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে নিয়মিত টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান থাকার খবর পায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী সদস্যরা বোটটি উদ্ধার করে।

সকাল আনুমানিক ৬টার দিকে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে দুর্ঘটনার শিকার বোটটি থেকে ২০ জন মাঝি ও জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধার হওয়া বোটের মাঝিরা জানান, তারা গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেন। পরে ২৮ জানুয়ারি ভোর আনুমানিক রাত ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের বোটে হামলা চালায়।

এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে পালিয়ে যায়। এর ফলে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় আটকা পড়ে।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের মিডিয়া উয়িং মোমিনুল হক জানান, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।