পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতার ওপর পিআইবি’র প্রশিক্ষণ সমাপ্ত
স্নিগ্ধা খন্দকার নিহা, স্টাফ রিপোটারঃপঞ্চগড়ের সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ কর্মশালার আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয় পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক সরকার হায়দার।
কর্মশালায় সেশন নেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পেরেছেন। তারা মনে করেন, নির্ভুল তথ্য যাচাই, নীতি মেনে সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে এই প্রশিক্ষণ বড় সহায়তা করবে। আয়োজকদের মতে, এমন উদ্যোগ গণমাধ্যমকে আরও শক্তিশালী করে এবং সঠিক নির্বাচনী পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।








