গনসংযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকার ডা. এটিএম রেজাউল করিমের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকায় রোববার (১ ফেব্রুয়ারী) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সংখ্যালগঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
গণসংযোগকালে ডা. এটিএম রেজাউল করিম বলেন, “হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান সবাই এ দেশের নাগরিক। তাদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে ভয়ভীতি বা নির্যাতনের শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখায় বা নির্বাচনী পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
এসময় তিনি রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, “প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে জনবান্ধব ও সহজলভ্য করার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই আমার লক্ষ্য।”
ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে-এমন একটি মানবিক রাঙ্গুনিয়া গড়ে তুলতেই আমি কাজ করতে চাই।”
গণসংযোগ শেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান। এসময় গণসংযোগে দলীয় নেতাকর্মী, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








