সমন্বয়ক জিনিয়াকে নিয়ে নারী বিদ্বেষমূলক ‘তুচ্ছতাচ্ছল্য’ মন্তব্য: বিএনপির প্রার্থী শাহাজান চৌধুরীকে শোকজ
হাফিজুর রহমান খান, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ছাত্রশক্তির মুখপাত্র সমন্বয়ক জিনিয়াকে উদ্দেশ্য করে নারী বিদ্বেষমূলক ও তুচ্ছতাচ্ছল্য মন্তব্য করার অভিযোগে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শাহাজান চৌধুরীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার মন্তব্য নারীর মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং তা রাজনৈতিক শালীনতা ও আচরণবিধির পরিপন্থী। বিষয়টি দলীয় ভাবমূর্তি ও নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।
শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাহাজান চৌধুরীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।








