তারেক জিয়ার নেতৃত্বেই দেশ এগোবে, দেবীগঞ্জে মহাসচিব মির্জা ফখরুল
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সামনে নিতে হলে তারেক জিয়ার নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এ নির্বাচন শুধু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারও নির্বাচন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় উপজেলা বিএনপির আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। ফখরুল অভিযোগ করেন, একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি স্বাধীনতার চেতনায় অবিশ্বাসী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানান।
তিনি বলেন, ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক ফ্যামেলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং শিক্ষিত বেকার এক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পরে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ফখরুল আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায়ে নির্বাচিত হয়ে সৃজনশীল সরকার ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম হাফিজ বলেন, প্রার্থী ফরহাদ হোসেন আজাদ দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (তোবারক হ্যাপী), সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ডা. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন।








