ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 2:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে জিপির নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যান চলাচল ব‍্যাহত,ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন ঘটনাস্থলে এসে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালকদের ভাষ্য, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করে৷ পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বুঝালে চালকরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বর্তমানে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।