ড্রেজার নয়, কর্মসংস্থানে জোর দিলেন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে ড্রেজারের পরিবর্তে শ্রমিক দিয়ে খাল খনন করা হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকার ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজ হাতে মাটি কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে কাজের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রণালয়ের বৈঠকে বারবার বলা হয়েছে—আমরা মানুষকে ঢাকামুখী করতে চাই না। ড্রেজার দিয়ে কাজ করলে প্রায় ৫ লাখ টাকা লাগে, আর শ্রমিক দিয়ে করলে লাগে ৭ লাখ টাকা। খরচ কিছু বেশি হলেও আমরা চাই মানুষের কর্মসংস্থান হোক।”
তিনি আরও বলেন, “আমরা টাকা একজনের হাতে কেন্দ্রীভূত করতে চাই না; বরং তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। একজনকে ধনী না বানিয়ে শতাধিক মানুষের জীবিকা, বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। এটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহযোগিতা করার আহ্বান জানান।
পানি সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৭ কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের সহকারী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








