ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 25, 2026 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত বাজার ও দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, তিনি রাতেই অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। এটি একটি ভয়াবহ ঘটনা। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনায় তাদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, সরকার সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হলে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।