স্বাধীনতা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সনাতনী অধিকার আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি
চট্টগ্রাম প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সনাতনী অধিকার আন্দোলন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংগঠনটির বিভাগীয় সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহ-সম্পাদক রাজীব চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা এবং শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের প্রতিনিধিরাও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক ঐতিহাসিক দিন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সব শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা।
বক্তারা স্বাধীনতার মাসে ইতিহাস বিকৃতির বিভিন্ন প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে ‘সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তারা বলেন, এ ধরনের বক্তব্য জাতির ইতিহাস ও আত্মপরিচয়ের পরিপন্থী।
এছাড়া, যে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, সেই দেশের জাতীয় দিবস এ দেশে পালনের যেকোনো প্রচেষ্টাকে তারা দুঃখজনক বলে উল্লেখ করেন।
শেষে বক্তারা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার চেতনা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।








