এসিল্যান্ডের মধ্যস্থতায় রাঙ্গুনিয়ায় দীর্ঘদিনের জায়গা বিরোধের নিষ্পত্তি
রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা-এর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন-এর জান মোহাম্মদ পাড়া এলাকায় ওমর ফারুক ও এম আলম জীবনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জায়গা ও চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে।
রোববার (১০ মে) উপজেলার ২ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ-এর সরেজমিন উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।
জানা গেছে, এদিন সকালে একজন সরকারি সার্ভেয়ারসহ মোট পাঁচজন সার্ভেয়ারের মাধ্যমে সকাল থেকে টানা প্রায় ১০ ঘণ্টার প্রচেষ্টায় জায়গার সঠিক পরিমাপ নির্ধারণ করা হয়।
পরিমাপে দেখা যায়, বাদী ওমর ফারুকের দুটি ঘর এবং এম আলম জীবনের সামনের বাউন্ডারি ওয়ালের একটি অংশ অপসারণের প্রয়োজন হতে পারে। তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয়দের মতামতের ভিত্তিতে বিকল্প অংশ থেকে জায়গা সমন্বয়ের মাধ্যমে সমাধানে পৌঁছানো হয়। এতে চলাচলের রাস্তা সংক্রান্ত জটিলতাও দূর হয়।
পরে এলাকাবাসীর উদ্যোগে দুই পক্ষের মধ্যে মিলমিশ সম্পন্ন হয় এবং ক্ষয়ক্ষতির বিষয়েও পারস্পরিক সমঝোতা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “দীর্ঘদিনের এ বিরোধ নিরসনে সকাল থেকে সরেজমিনে থেকে উভয় পক্ষের বক্তব্য শুনে মাপজোখের ভিত্তিতে সমাধান করা হয়েছে। আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলেও জনস্বার্থ ও চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রশাসনের উপস্থিতিতে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। উভয় পক্ষ প্রয়োজনীয় ছাড় দেওয়ায় বিরোধপূর্ণ দুটি স্থান এবং চলাচলের রাস্তা অবমুক্ত করা গেছে।”








