অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে মান্দায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে প্রসাদপুর বাজারের তিনমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মখলেসুর রহমান মকে। তিনি বলেন, “অপপ্রচার ও কুৎসার রাজনীতি পরিহার করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং সুস্থ ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মণ্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং সিনিয়র সহ-সভাপতি আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।








