রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা প্রায় ৩ দশমিক ২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় আনুমানিক এক হাজার পান চারা উপড়ে ফেলা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ৭ জুলাই সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান, সংরক্ষিত বনভূমির জীববৈচিত্র্য রক্ষা এবং বনভূমি দখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে প্রায় ৩.২৯ হেক্টর এলাকাজুড়ে গড়ে ওঠা অবৈধ পান বাগান উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সঙ্গীয় বনরক্ষী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনভূমি দখল ও অবৈধ চাষাবাদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।