কুসুম্বা মসজিদের দানবাক্সে ১২ লাখ ৮৭ হাজার টাকা, মিলল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, একটি স্বর্ণের চামচ, ৬টি স্বর্ণের নাকফুল, ১টি নলক এবং দুটি স্বর্ণের পাতি।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে মসজিদের ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স খোলা হয়।
সাধারণত প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার ২ মাস ১৫ দিন পর দানবাক্স খোলা হয়েছে।কুসুম্বা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এবার আমরা ২ মাস ১৫ দিন পর দানবাক্স খুলেছি। দানবাক্সে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।”তিনি আরও জানান, দানবাক্সে পাওয়া অর্থ সরকারি বিধি অনুযায়ী সংরক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট খাতে ব্যয় করা হবে।
এ সময় কুসুম্বা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#








