চর বাউশিয়ায় খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি বালু ভরাটের অভিযোগে সরেজমিন তদন্তে ইউএনও উম্মে হাফসা নাদিয়া
শাকিল প্রধান : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া মৌজায় সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত খাস জমি এবং ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি সাহারা গ্রুপ কর্তৃক অবৈধভাবে দখল ও বালু ভরাটের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিন তদন্ত পরিচালনা করেছে।
তদন্তকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি),ডা. হামিদা মোস্তফা , ভবেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মানিক মিয়া, সার্ভেয়ার শাহজালাল চৌধুরী রাকিব, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, চর বাউশিয়া মৌজার সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে বালু ভরাটের মাধ্যমে ভূমির প্রকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে জমির প্রকৃত অবস্থা, মালিকানা এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটনের মাধ্যমে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমি সংক্রান্ত অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি জমি সংরক্ষণ নিশ্চিত করা হবে।








