রিয়াদে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন অর রশিদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
মিজানুর রহমান ভূঁইয়া, রিয়াদ, সৌদি আরব: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব হারুন অর রশিদের আত্মার মাগফেরাত কামনায় রিয়াদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সন্ধ্যায় রিয়াদের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, রিয়াদ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা, সততা ও অনন্য নেতৃত্বগুণের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাধারণ মানুষের প্রতি তাঁর আজীবন নিবেদিত সেবার উল্লেখ করে তাঁরা বলেন: “অ্যাডভোকেট হারুন অর রশিদ শুধু একজন ক্ষণজন্মা রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন জনগণের আস্থার প্রতীক ও দলের একজন পরীক্ষিত অভিভাবক। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, রিয়াদ শাখার সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১ নং সদস্য আমিনুল ইসলাম খাঁন সাধন। প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনায় ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও হাফেজ শামীম।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি কামনা করা হয়।








