শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি(রাঙ্গামাটি)শিশুদের আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সু-শিক্ষার আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও জীবনের মৌলিক মান গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বক্ষণিক নির্দেশনায় কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখায় যেমন মনোযোগ দিচ্ছে, তেমনি সৃষ্টিশীল ও সহপাঠ্যক্রমিক কাজেও নিজেদের মেলে ধরছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মতে, শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদানের দিকেই এখন বেশি জোর দেওয়া হচ্ছে। এতে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশ যেমন ত্বরান্বিত হচ্ছে, তেমনি একটি আদর্শ সমাজ গঠনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাহ্লা মারমা জানান, “প্রতিটি শিশুই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষায় আলোকিত করে তোলার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করছি যাতে প্রতিটি শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”
উন্নত শিক্ষার পরিবেশ এবং কোমলমতি শিশুদের প্রতি শিক্ষকদের এ নিষ্ঠা বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এলাকার শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত করেছে।








