পাহাড় ধসে বিপর্যস্ত রাজস্থলীতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও
মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙামাটি):টানা বর্ষণে কোথাও পাহাড় ধস, কোথাও ফসলি জমি বিলীন। চারদিকে যখন যাতায়াতের সব পথ বন্ধ ঠিক তখনই দুর্গম পাহাড় আর ঝুঁকিপূর্ণ পাহাড় পায়ে হেঁটে পার হয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের ঘরে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
গতোকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপকেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে গাইন্দ্যা ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাহাড়ি গ্রাম বালুমুড়া পাড়া ও রাবার বাগান এলাকার ৩০টি পরিবারের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে ঘিলাছড়ির দুর্গম পাড়াগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের কারণে অনেকের ঘরবাড়ি, কৃষিজমি এবং জুম পাহাড় অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কোনো যানবাহন ছাড়াই কয়েক মাইল দুর্গম পথ হেঁটে ৩০টি অতিক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের এই সহায়তা হয়তো খুবই সামান্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে এই দুর্যোগকালীন সময়ে কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। সরকারের পক্ষ থেকে আমরা এই মানবিক সহায়তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই তৎপরতা ও পুনর্বাসন প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ ভৌমিক, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য থুইচিংমং মারমা অমিতসহ গ্রামের কারবারি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।








