ঢাকায় প্রথম বাণিজ্যিক ফ্লাইট নিয়ে রিয়াদ এয়ারের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের আকাশপথে যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হলো।
শুক্রবার (৮ আগস্ট) রিয়াদ থেকে রিয়াদ এয়ারের একটি বোইং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ২৯৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় ৫ ঘণ্টা ২১ মিনিটের আকাশযাত্রা শেষে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ঢাকায় পৌঁছানোর পর প্রথম ফ্লাইটটিকে বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুটের’ মাধ্যমে স্বাগত জানানো হয়।
রিয়াদ এয়ারের ঢাকা রুটে যাত্রা শুরুর ফলে বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের সৌদি আরবের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
অত্যাধুনিক বোইং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও উন্নতমানের যাত্রীসেবা নিয়ে রিয়াদ এয়ারের এই নতুন রুট দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








