ঢাকা | আগস্ট ৮, ২০২৬ - ৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 8, 2026 - 9:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় আরও ৮২ বোতল Eskuf সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৯ বিজিবির সোনামসজিদ ও আজমতপুর বিওপির বিশেষ টহল দল অংশ নেয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে

আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক যুবককে আটক করা হয়। আটক রাজিব আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অপরদিকে, আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের জমশেরের আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। দুটি অভিযানে সর্বমোট ১৫০ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত সিরাপ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।