প্রচ্ছদ » » মান্দায় চোলাই মদ জব্দ ও ধ্বংস, আটক ব্যক্তিকে ৫০ বার উঠবসের পর মুচলেকায় মুক্তি
মান্দায় চোলাই মদ জব্দ ও ধ্বংস, আটক ব্যক্তিকে ৫০ বার উঠবসের পর মুচলেকায় মুক্তি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় স্থানীয়দের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় মিন্টু নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে প্রকাশ্যে ৫০ বার কান ধরে উঠবস করিয়ে ভবিষ্যতে মাদক তৈরি ও বিক্রি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নারায়ণপুর বাজার এলাকায় মিন্টুর বাড়িতে অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে এলাকাবাসী সেখানে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা মদ ধ্বংস করা হয়।ঘটনাস্থলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল ও ইউপি সদস্য সামাদ আলী উপস্থিত ছিলেন। তারা মিন্টুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন।পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ৫০ বার কান ধরে উঠবস করানো হয়। এরপর ভবিষ্যতে মাদক তৈরি বা বিক্রির মতো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। এটি সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে এলাকাবাসীর এ ধরনের সচেতনতা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত করতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”