ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এমপি নাসের রহমানকে নিয়ে আপত্তিকর এআই ভিডিও, সাভার থেকে গ্রেপ্তার কমলগঞ্জের যুবক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 8, 2026 - 4:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
রাজন আবেদীন রাজু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
এরপর ঢাকার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে রাতভর অভিযান পরিচালনা করা হয়। পরে ৮ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে পারভেজ আলম খানকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় ডিবি সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।