চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে তরুণ ও যুবসমাজের একটি অংশ অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের জুয়ায় জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে সমাজে একটি নীরব মহামারীর রূপ নিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনানুগ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।








