ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষক ড. বেরহানু কিবরেট এখনো আইসিইর হেফাজতে
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব ফার্মেসির শিক্ষক ড. বেরহানু কিবরেট এখনো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হেফাজতে রয়েছেন। গত ২১ জুলাই টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ড. কিবরেট একটি পেশাগত সম্মেলনে অংশ নিতে টেক্সাসে গিয়েছিলেন। সেখানে তিনি ‘Teacher of the Year’ পুরস্কার পাওয়ার পর ফেরার সময় বিমানবন্দরে আইসিই কর্মকর্তারা তাকে আটক করেন। এরপর তাকে ওকলাহোমার ডায়মন্ডব্যাক কারেকশনাল ফ্যাসিলিটিতে রাখা হয়েছে।
সম্প্রতি তার আইনজীবী জামিনে মুক্তির আবেদন করলেও ইমিগ্রেশন আদালতের বিচারক সেই আবেদন নাকচ করে দেন। আইসিইর দাবি, ইথিওপিয়ার নাগরিক কিবরেট ২০২১ সালে বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তার অনুমোদিত অবস্থানের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হয়। অন্যদিকে তার আইনজীবী ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তার বৈধ ওয়ার্ক অথরাইজেশন রয়েছে এবং অভিবাসন-সংক্রান্ত একটি আবেদন প্রক্রিয়াধীন ছিল।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব ফার্মেসির ডিন ড. সারাহ এল. জে. মিশেল কিবরেটের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা তার কল্যাণ নিয়ে উদ্বিগ্ন এবং আশা করছে বিষয়টির দ্রুত সমাধান হবে, যাতে তিনি আবার শিক্ষার্থীদের পড়ানোর কাজে ফিরতে পারেন।
ড. কিবরেট ২০২৩ সালে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে যোগ দেন। এর আগে তিনি নিউ জার্সির উইলিয়াম প্যাটারসন ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন। তার সহকর্মীরা তাকে একজন দক্ষ শিক্ষক, গবেষক ও সম্মানিত সহকর্মী হিসেবে বর্ণনা করেছেন।
বর্তমানে তার অভিবাসন মামলা আদালতে চলমান রয়েছে এবং তিনি আইসিইর হেফাজতেই রয়েছেন।








