ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য ও কথিত সন্ত্রাসী সুলতান ও পারভেজকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোরগ্যাং গড়ে তোলে। তারা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় কিশোরদের মারধর ও ভয়ভীতি দেখাত বলে অভিযোগ রয়েছে। তাদের দলে যোগ দিতে অস্বীকৃতি জানালেও কিশোরদের মারধর করা হতো বলে পুলিশ জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকার সাফিয়াল যাবের নিরবকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতেও তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আবারও গুলি ছোড়ে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা ও মান্দা সার্কেল অফিসার এএসপি শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে জানা যায়, সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা সার্কেল, মান্দা থানা ও জেলা গোয়েন্দা শাখা সমন্বিত অভিযান শুরু করে। পাশাপাশি তাদের গতিরোধ করতে পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানা এলাকার ফুড ভিলেজের কাছ থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল।
পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে গ্রেপ্তার দুজনকে সঙ্গে নিয়ে তাদের দেখানো মতে সুলতানের বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ধারালো ডেগার ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়—একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১৮ ইঞ্চি লম্বা একটি ধারালো ডেগার, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার ঈগল চাকু, দুটি পুরোনো চাকু ও একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইনসহ মারামারির মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলায় তারা দুজনই প্রায় আট মাস কারাগারে ছিল বলে পুলিশ জানিয়েছে।দুই অভিযুক্তকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মান্দার স্থানীয়রা জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।