মির্জাপুর জামুর্কীতে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাংচুর
মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরটিতে দুর্গাপূজা হয়ে আসছে।
এ বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা। প্রতিমার রং করা ছাড়া প্রায় সব ধরণের কাজ শেষ করা হয়েছিল।
রাতে কে বা কাহারা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাংচুর করে তা জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শাসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) আদনা মোস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ ঘটনায় জামুর্কী মন্দিরের আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী দৈনিক নবোদয়কে জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। রাজনৈতিক কোন কর্মকান্ডের কারণে এ হামলা বা ঘটনার সাথে কেউ জড়িত কিনা বা এখন পর্যন্ত কাউকে সন্দেহ হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন।








