ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় জাদুঘরে চার দিনব্যাপী ‘নদী ও পাখি’ আলোকচিত্র প্রদর্শনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 3, 2026 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি ঢাকা:
প্রকৃতি, নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘নদী ও পাখি’।
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে বাংলাদেশের নদ-নদী, প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন প্রজাতির পাখির বৈচিত্র্যময় সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বেসরকারি সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে প্রখ্যাত আলোকচিত্রী আবির আবদুল্লাহর তোলা নদীকেন্দ্রিক আলোকচিত্র এবং আনসার উদ্দিন খান পাঠানের তোলা দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির ছবি প্রদর্শিত হচ্ছে।
আয়োজকদের ভাষ্য, নদী ও পাখি বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। তবে দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, বন ও জলাভূমি সংকোচনসহ নানা কারণে নদী ও পাখির আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এ বাস্তবতায় প্রকৃতি রক্ষা, নদী দূষণ বন্ধ এবং পাখিসহ বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন।
প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলোতে নদীর জীবন, নৌকা ও জেলেদের কর্মব্যস্ততা, নদীতীরের মানুষের জীবনযাপন, জলাভূমির দৃশ্য, পরিযায়ী পাখি এবং দেশের বিভিন্ন অঞ্চলের পাখির বৈচিত্র্য ফুটে উঠেছে।
আয়োজকরা জানান, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আগ্রহী করে তুলতে আলোকচিত্র একটি কার্যকর মাধ্যম হতে পারে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা নদী, পাখি ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
চার দিনব্যাপী এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা প্রদর্শনীতে এসে বাংলাদেশের নদী, প্রকৃতি ও পাখির বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাবেন।