ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 9:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ ঃ ময়মনসিংহে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। খেলার শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এরউদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কে. এম. মাহবুবুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানুষের মনোবল বৃদ্ধি পায় এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হয়।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করা। ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত অতিথি, খেলোয়াড়, আয়োজক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী ও দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজিত এই “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এই কাবাডি খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড় দল অংশ গ্রহণ করবে। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশ আরও জানিয়েছে-তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে ময়মনসিংহ কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাবাডির প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক আবহে আয়োজিত এ চ্যাম্পিয়নশীপ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং তরুণদের ক্রীড়ামুখী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।