ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান এড মাহবুবের
স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেছেন, প্রশাসককে শান্তিতে ঘুমাতে দেব না, বিভিন্ন কর্মসূচি দিয়ে ঘুম ভাঙিয়ে দেব। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম জোরদার এবং গণ উদ্যোগ বৃদ্ধি করারও দাবী জানিয়েছেন। তিনি বলেন ময়মনসিংহের মানুষ ডেঙ্গুতে মরবে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন এটা হতে পারেনা, এই সুযোগ আমরা আপনাকে দিবনা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবার) দুপুর ২ টায় চলমান ডেঙ্গু পরিস্থিতিতে প্রশাসকের ঘুম ভাঙানো কর্মসূচি” উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর মশক নিধন, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে
ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ আয়োজিত
প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট এটিএম মাহবুব উল আলম।
এসময় তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মশা নিধনে প্রশাসককে দ্রুত বাস্তব কর্মসূচি নিতে হবে। মানুষের জীবন রক্ষায় সরকারের পাশাপাশি সিটি করপোরেশন প্রশাসককে আরও
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যর্থতা স্বীকার করা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর টিকা রয়েছে উল্লেখ করে সরকারিভাবে টিকা আনার জন্য প্রশাসককে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সরকারি উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার সুযোগ করে দেওয়ার কথাও বলেন ।








