বাংলাদেশ-সৌদি আরবের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর
সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, হজের কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে অবস্থান এবং অন্যান্য সেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেদ্দার সুপারডোমে সম্মেলনের উদ্বোধন করেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও হজবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার সমন্বয় এবং হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজযাত্রীর কোটা ৮৩ হাজার ৫০০ জন নির্ধারণের তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
দুই দেশের এ চুক্তির মাধ্যমে আগামী হজ মৌসুমের প্রস্তুতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।








