ঢাকা | নভেম্বর ১৮, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, পৌঁছেছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 17, 2026 - 7:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা নতুন করে বাড়ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট (USS Theodore Roosevelt) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে তিনি এখনই যুদ্ধ পুনরায় শুরু করতে চান কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

নতুন করে মোতায়েন করা রণতরিটি এর আগে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এর সঙ্গে রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। রণতরিটির সঙ্গে সংশ্লিষ্ট সামরিক বহরসহ প্রায় ১০ হাজার অতিরিক্ত সেনা ও নৌসদস্য মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

এর আগে ওই অঞ্চলে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরি—ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন। ফলে দীর্ঘদিন পর আবারও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েন হলো।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ অব্যাহত।

অন্যদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় ছয়টি তেলবাহী জাহাজ মাইন বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক কর্তৃপক্ষও একটি ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

িশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে সামরিক সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক শক্তি বৃদ্ধি ইরানের ওপর চাপ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে কূটনৈতিক সমাধানের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।