ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেরপুরে বৈদ্যুতিক তারের শকে বন্যহাতির মৃত্যু:

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 6, 2023 - 12:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বৈদ্যুতিক তারের শকে এক বন্যহাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার (৬ই মে) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে সকালে উপজেলার নুহু মিয়ার ধান ক্ষেতের কাদামাটি থেকে ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। ঝিনাইগাতী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা এটিএম ফায়েজুর রহমান আকন্দ হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধ্যানে শুক্রবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ টি হাতি দল বেঁধে পাহাড়ের ভিতর থেকে লোকালয়ে নেমে আসে। স্থানীয় জনগন মশাল জ্বালিয়ে, থালা-বাসন, কাশি, ঘন্টি ও ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে খাদ্যের সন্ধানে হাতির দল উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্রির নুহু মিয়ার মাছ চাষের প্রজেক্টের পাশে ধানের ক্ষেতে নেমে পড়ে।

হাতি ধানখেতের ক্ষতি করতে পারে আশংকা করে খেতের মালিক নুহু মিয়া আগে থেকেই জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ধান ক্ষেতের পাশে সেই তার ফেলে রাখে। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই একটি হাতি মারা যায় এবং বাকি হাতিগুলো সেখান থেকে পালিয়ে যায়।পরে বনবিভাগের টহল দল সেখান থেকে মৃত হাতির মরদেহ উদ্ধার করে। সেইসাথে জিআই তারের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে সেই তারগুলো জব্দ করে।
শনিবার সকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফায়েজুর রহমান বলেন, হাতিটির নমুনা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।