ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে পুড়ে যাওয়া জাহাজটি পরিদর্শনে আমু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 5, 2023 - 10:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে দ্বিতীয়বারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে চড়ে তিনি নদীতে নোঙ্গর করা ধ্বংসস্তুপ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম প্রমুখ।
এরপর সদর হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। পরে তিনি স্থানীয় প্রশাসনের সাথে এক আলোচনায় মিলিত হন।

এদিকে সুগন্ধা নদীতে বিস্ফোরিত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
সচিব বলেন, ‘প্রথম দুর্ঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দুর্ঘটনার পর আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সব বিভাগ থাকবে। ক্ষতিগ্রস্ত এই জাহাজে তিন লাখ ৮০ হাজার লিটার পরিত্যক্ত তেল রয়েছে। এই পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্বাবধায়নে ব্যবস্থা নেবেন। পাশের থাকা ডিজেল ভর্তি জাহাজটি নিরাপদে ডিপোতে নেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিব আরও বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নেভি ও পরিবেশ অধিদফতর সম্মিলিতভাবে নদী দূষণ ও পরিবেশের বিপর্যয় রোধে কাজ করেছে। ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আ. খালেক মল্লিক, যুগ্ম-সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল প্রমুখ।