কেরানীগঞ্জে মিষ্টির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান:জরিমানা দুই লক্ষ টাকা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মীরেরবাগ এলাকায় ইসলাম সুইটস নামক একটি মিষ্টি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে কারখানাটির ম্যানেজার শরিফ উদ্দিনকে কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় ইসলাম সুইটস নামে একটি মিষ্টি তৈরীর কারখানায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানায় অন অনুমোদিত খাবারের রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, নোংরা পরিবেশে মিষ্টি দ্রব্য তৈরির অপরাধে কারখানার ম্যানেজার শরিফ উদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পাশের একটি শোরুম থেকে অবৈধ খাদ্যদ্রব্য আটক করা হয়। পরে ওই কারখানাগুলো থেকে আটককৃত অবৈধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য, বিভিন্ন ধরনের মিষ্টি ধ্বংস করা হয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, কেরানীগঞ্জের যেখানেই খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো হবে সেখানেই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।








