রমজানে বাড়তি জননিরাপত্তায় বিশেষ টহলের ব্যবস্থা করেছে কোতোয়ালি পুলিশ
আরিফ রববানী ময়মনসিংহ:পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ মহানগরসহ সারা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করতে বিশেষ টহলের ব্যবস্থা নিয়েছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রশাসন। রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক সমন্বয়ে ২ মার্চ থেকে ঈদ-উল-ফিতরের পর পর্যন্ত
ময়মনসিংহ নগরীসহ কোতোয়ালী থানাধীন এলাকায় চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ মহড়া চলবে বলে জানিয়েছে থানা পুলিশ।
১লা মার্চ শনিবার বেলা ১৫.০০ ঘটিকার সময় নগরীতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ এই মহড়া শুরু হয়।এই মহড়া রমজান মাসব্যাপি অব্যাহত থাকবে বলে জানান ইন্সপেক্টর তদন্ত মোঃ সাইফুল ইসলাম ও ইন্সপেক্টর অপারেশন এসএম নুর মোহাম্মদ। প্রথম দিনের মহড়ায় নগরীর ৩নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ কমর উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়- মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে জননিরাপত্তার লক্ষে মহানগর এলাকার ব্যাংক, শপিংমলের নিরাপত্তা, সড়ক, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পরিকল্পনা গ্রহণ করে এই বিশেষ মহড়া শুরু করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনারসহ সকল মার্কেট এলাকা ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, বাস, টার্মিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ময়মনসিংহ নগরীসহ শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতানগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হবে।
এছাড়াও তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সড়কগুলোতে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো যানবাহন তল্লাশি করা হবে না। তবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে।
ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালে টিকিট কালোবাজারি প্রতিরোধে পুলিশ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানের ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম খান।
দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে চুরি,ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মোলক কর্মকান্ড ঘটার কারণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে সেই মুহুর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধ নির্মুলে কোতোয়ালি মডেল থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাচ্ছে ময়মনসিংহের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।








