গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রত্যাখ্যান করল পঞ্চগড় আইনজীবী সমিতি”
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রত্যাখ্যান ঘোষণা করেন।
বক্তব্যে তিনি বলেন, “গত ২০ এপ্রিল একটি হত্যা মামলার রায় ঘোষণার পর, আদালত প্রাঙ্গণে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি যে বিক্ষোভ করেছে, তা বিচার বিভাগ ও আইনজীবীদের প্রতি অসম্মানজনক মন্তব্যে ভরপুর। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ও বিকৃত তথ্য প্রচারের অপচেষ্টা।”
তিনি অভিযোগ করেন, “কয়েকজন উগ্র ব্যক্তি সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আদালত ও আইনজীবীদের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে, যা আইনজীবী সমিতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলি এডভোকেট এম এ বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মাহাবুবুল ইসলাম, আহ্বায়ক সদস্য এডভোকেট গোলাম হাফিজ এবং জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ মার্চ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগজ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এরশাদ নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা কসিরউদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ এপ্রিল আদালত আসামিদের খালাস দেন। রায় ঘোষণার পরপরই বাদী পক্ষ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে, যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রচারিত হয়।








