ঢাকা | মে ১, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকার বদলেছে, বদলাইনি পঞ্চগড়ে যুবলীগ নেতার অব্যাহত দাপট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 23, 2025 - 2:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 291 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:সরকার পরিবর্তনের পর সারা দেশে রাজনৈতিক উত্তাপ কিছুটা প্রশমিত হলেও পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জনগণের কপালে এখনো স্বস্তি নেই। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবলীগ নেতা আকবর আলী এখনও এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগের সহ-সম্পাদক পদে থাকা আকবর আলী স্থানীয়ভাবে ভূমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও তার প্রভাব এতটাই অটুট যে প্রশাসন পর্যন্ত নীরব।

সেনা কর্মকর্তা তরিকুল ইসলাম অভিযোগ করেন, আকবর আলী তার নয় বিঘা জমি জবরদখল করে রেখেছেন। প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে তিনি মাথায় ১৫টি সেলাই নিয়ে প্রাণে রক্ষা পান। মামলার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া, রুস্তম আলী, জহিরুল ইসলাম ও আব্দুস সোবহানসহ একাধিক ব্যক্তি জানান, আকবর আলীর বিরুদ্ধে জমি দখল, অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ রয়েছে। কেউ কেউ মাতৃত্বভাতা, খামার প্রকল্প বা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়ার অভিযোগও করেন।

সাধারণ মানুষের ভাষ্যমতে, আকবর আলীর বিরুদ্ধে মুখ খোলার সাহস এলাকার কেউ রাখে না। এক প্রবীণ বাসিন্দা বলেন, “সরকার বদলেছে, কিন্তু আকবর আলীর অবস্থা বদলায়নি।”

অন্যদিকে, আকবর আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি বর্তমানে কোনো রাজনৈতিক পদে নেই। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এসব অভিযোগ।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হিল জামান জানান, আকবর আলীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অঞ্চলের জনগণ আকবর আলীর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছে, যাতে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে কেউ সাধারণ মানুষকে আর জিম্মি করতে না পারে।